করোনা আতঙ্কে ইনফোসিস দফতর খালি

১৪ মার্চ, ২০২০ ১৬:১৬  
করোনাভাইরাসের আতঙ্কে এবার বেঙ্গালুরুতে নিজেদের একটি দফতর খালি করেছে ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস। সম্প্রতি সে সংস্থার এক কর্মীর শরীরে করোনার লক্ষণ ধরা পড়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। শুক্রবার ইনফোসিসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইআইপিএম বিল্ডিংয়ের এক কর্মীর শরীরে করোনার লক্ষণ দেখা গেছে, তাই শুধুমাত্র ওই বিল্ডিংটিই খালি করা হয়েছে বলেও জানানো হয়। বেঙ্গালুরুতে ইনফোসিস ডেভলপমেন্ট সেন্টারের প্রধান গুরুরাজ দেশপান্ডে বলেন, করোনা প্রতিরোধে ও নিরাপত্তার কারণে বিল্ডিংটিকে জীবাণুমুক্ত করা হবে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরা কোনো গুজবে বিশ্বাস না করার জন্য ও কোনো ধরণের গুজব না ছড়াতে সব কর্মীদের প্রতি অনুরোধ করেছেন তিনি। তিনি আরো বলেন, এ পরিস্থিতিকে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে সামলাতে হবে। এছাড়া এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতাও কামনা করেন।